বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও নেই টেলর

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও রস টেলরকে পাচ্ছে না নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিং চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তাই তাকে বাইরে রেখেই নামতে হচ্ছে কিউইদের।

সোমবার এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট টেলরকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। প্রথম ওয়ানডেতেও একই কারণে খেলতে পারেননি ৩৭ বয়সী এই ক্রিকেটার।

মঙ্গলবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজেই নেই নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে ওয়ানডেতে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন টম ল্যাথাম।

উইলিয়ামসন ও টেলরকে ছাড়াই অবশ্য প্রথম ওয়ানডে দাপটের সঙ্গেই জিতেছে নিউজিল্যান্ড। ডানেডিনে ৮ উইকেটে জয় তুলে নিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে যায় দলটি।

টস হেরে প্রথমে ব্যাট করে মাত্র ১৩১ রানে বাংলাদেশকে গুঁড়িয়ে দেয় স্বাগতিকেরা। জবাবে ২১.২ ওভারেই জয় নিশ্চিত করে দলটি।