ডানেডিনের পুনরাবৃত্তি চান না টাইগাররা

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে খুবই বাজেভাবে হারে সফরকারীরা। ডানেডিনে অনুষ্ঠিত ম্যাচটিতে ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থ। তবে ক্রাইস্টচার্চে তার পুনরাবৃত্তি চান না টাইগাররা।

মঙ্গলবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে। দিবারাত্রির ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

ডানেডিনের উইকেটের চেয়ে ক্রাইস্টচার্চের উইকেটে ভিন্নতা খুঁজে পাচ্ছে বাংলাদেশ দল। তাই আশা ভালো কিছু করার। দলের প্রতিনিধি হিসেবে সোমবার মোহাম্মদ মিঠুন বললেন এমনই।

এই মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, ‘সাধারণত আমরা যেটা জানি, ক্রাইস্টচার্চের উইকেটে অন্যান্য উইকেটের তুলনায় বাউন্সটা তুলনামূলক কম থাকে। তবে গতি থাকে। গতি বেশি থাকলে ব্যাটসম্যানদের জন্য একটা সুবিধা যে বল ভালো ব্যাটে আসে। আমরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি এবং ইতিবাচক থাকি তাহলে ডানেডিনের পুনরাবৃত্তি হবে না।’

তবে কিউইদের বিপক্ষে ভালো করতে হলে যে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে সেটি বলতে ভুললেন না মিঠুন। আগের ম্যাচটিতে টস হেরে প্রথমে ব্যাট করে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। কেউ বড় ইনিংস খেলতে পারেননি। জবাবে ২১.২ ওভারেই জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।

মিঠুন বললেন, ‘ভালো করতে হলে অবশ্যই ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। গত ম্যাচে খুবই বাজে ছিল, যদিও কন্ডিশন আমাদের পক্ষে ছিল না। এর আগেও বলা হয়েছে যে আমরা এত খারাপ দল না। ক্রাইস্টচার্চ নতুন ভেন্যু, নতুন আরেকটা ম্যাচ। অবশ্যই চাইব, আগের ম্যাচের সবকিছু ভুলে গিয়ে সামনের ম্যাচে সেরাটা দেওয়ার।’

দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত কলে বললেন, ‘এখানে প্রথম ১০ ওভারেই ম্যাচ আমাদের হাত থেকে বের হয়ে যায়। বিশেষ করে ব্যাটিংয়ে। নিউজিল্যান্ডের উইকেটে সাধারণত হাই-স্কোরিং ম্যাচ হয়। অবশ্যই আমাদের ২৬০-২৭০ না করলে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করাটা কঠিন।’

যোগ করেন, ‘উইকেট যেমনই হোক, সেটির সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হবে। অন্তত আমাদের ম্যাচ জেতার জন্য যতটুকু করা দরকার এবং বোলাররা যাতে একটু নির্ভার থাকতে পারে অন্তত এমন একটা লক্ষ্য দেওয়ার।’