মুজিববর্ষ উপলক্ষে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন

বরাদ্দ ২২০৩ কোটি টাকা

মুজিববর্ষ উপলক্ষে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে চলতি ২০২০-২১ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ২ হাজার ২০৩ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পে প্রথম কিস্তিতে ৩৮০ কোটি ৫১ লাখ ও দ্বিতীয় কিস্তিতে ২৭৯ কোটি ৫২ লাখসহ মোট ৬৬০ কোটি ২ লাখ টাকা এবং টিআর খাতে প্রথম ও দ্বিতীয় কিস্তিতে ২৭৮ কোটি করে মোট ৫৫৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ এই প্রকল্পে দুই কিস্তিতে মোট ১ হাজার ২১৬ কোটি ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে চলমান কর্মসূচির আওতায় অধিক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। সে লক্ষ্যে এবার প্রথম ও দ্বিতীয় কিস্তির অতিরিক্ত তৃতীয় কিস্তিতে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথমবারের মতো এবার তৃতীয় কিস্তিতে কাবিটা খাতে ৫৭০ কোটি ৭৭ লাখ এবং টিআর খাতে ৪১৭ কোটি টাকাসহ মোট ৯৮৭ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে এসব বিশেষ বরাদ্দ দেশের প্রতিটি গ্রামকে নগর সুবিধার আওতায় আনতে ভূমিকা রাখতে সহায়ক হবে। গ্রামীণ রাস্তা-ঘাট নির্মাণ ও সংস্কার এবং অবকাঠামো উন্নয়নে এসব অর্থ ব্যয় করা হবে। প্রতিটি নির্বাচনী এলাকার সাংসদ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা পরিষদ এবং পৌরসভার অনুকূলে এসব বরাদ্দ দেওয়া হয়েছে। তৃতীয় কিস্তিতে সাংসদদের প্রতি নির্বাচনী এলাকায় কাবিটা খাতে ১ কোটি ৭ লাখ ৮১ হাজার ২৮৪ টাকা এবং টিআর খাতে ৭৪ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি সংরক্ষিত নারী আসনে কাবিটা খাতে ৩৪ লাখ ২৪ হাজার ৬৪৩ এবং টিআর খাতে ২৫ লাখ ২ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।