আহ্বায়ক কমিটি পুনর্বিন্যাস

সোনারগাঁও আ.লীগে ১৩ নতুন মুখ

নতুন করে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। গতকাল সোমবার ২১ সদস্যবিশিষ্ট সোনারগাঁ উপজেলা শাখা আওয়ামী লীগের পুনর্বিন্যাসকৃত নতুন কমিটির অনুমোদন দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল।

আগের আহ্বায়ক কমিটির আটজনের নাম ঠিক রেখে নতুন আরও ১৩ জনের নাম যুক্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নতুন আহ্বায়ক কমিটিতে সামসুল ইসলাম ভূঁইয়াকে আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাত ও সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া কমিটির অন্য সদস্যদের মধ্যে যুক্ত হয়েছেন বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জহিরুল হক।