র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি নারীসহ দুজন গ্রেপ্তার

গাজীপুর মহানগরের মোগড়খাল এলাকায় র‌্যাব পরিচয়ে খাবার হোটেলে চাঁদাবাজিকালে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ।

গত রবিবার দুপুরে মহানগরীর মোগড়খাল এলাকার অবস্থিত ‘টাঙ্গাইল মিষ্টি মুখ’ নামে খাবার হোটেলে প্রতারণার মাধ্যমে চাঁদাবাজিকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের আরও তিন সঙ্গী পালিয়ে যায়।

গ্রেপ্তাররা হলো বরিশালের গৌরনদী থানার ধানডোবা এলাকার মো. হান্নান হোসেন (৩৫) ও পাবনার ঈশ্বরদী থানার মোলাডুলি গ্রামের মোসা. রিনা আক্তার (৩০)। তারা নগরীর বাসন সড়ক ও খাইলকুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে। গতকাল সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হোটেল মালিক আবু বকর সিদ্দিক বলেন, একজন মহিলাসহ চার ব্যক্তি গত রবিবার দুপুরে আমার হোটেলে এসে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে হোটেলের বিভিন্ন ত্রুটি দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। অন্যথায় মামলা দিয়ে এক বছরের জেল ও অর্থ জরিমানার হুমকি দেয়। তাদের আচার-আচরণে সন্দেহজনক হলে পরিচয়পত্র দেখতে চাই। একপর্যায়ে পরিচয়পত্র দিতে ব্যর্থ হলে আশপাশের লোকজনকে ডাকাডাকির সময় তাদের মধ্যে তিনজন পালিয়ে যায়। পরে বাসন থানায় বিষয়টি অবগত করলে পুলিশ এসে দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

বাসন থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, খাবার হোটেলে ভুয়া র‌্যাব পরিচয়ে চাঁদাবাজিকালে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে গ্রেপ্তার দুজন ও পলাতক তিনজনের নামে প্রতারণাপূর্বক চাঁদাবাজির মামলা করা হয়েছে।