বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে শাল্লায় হামলা লজ্জার: জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শেখ হাসিনার সরকার দলের লোক শাল্লার নোয়াগাঁও সংখ্যালঘুদের উপর এমন ঘটনা ঘটিয়েছে সেটা সত্যি খুব লজ্জাজনক। ওই লজ্জা আমরা কোথায় রাখব।’

তিনি বলেন, সরকারের পুলিশ প্রশাসন এখানকার মানুষদের রক্ষা করতে পারেনি, তাই অবিলম্বে এখানে যতজন দায়িত্বরত কর্মকর্তা ছিল তাদের সবাইকে প্রত্যাহার করতে হবে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের শাল্লায় ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে সংখ্যালঘুদের বাড়িতে হামলা, লুটপাত ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ওই দিনগুলো দেখার জন্য কি আমরা যুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন করেছিলাম, যে স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারি না। আমরা আজকে এখান থেকে পরিষ্কার জানিয়ে দিতে চাই আগামী ৭ দিনের ভেতর ওই মামলার তদন্ত শেষ করতে হবে এবং এক মাসের মধ্যে বিচারকাজ শেষ করতে হবে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শাল্লার ওই গ্রামে এসে ক্ষমা চাইতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবুল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমদাদ উল্লাহ শহীদুল ইসলাম প্রমুখ।