ঢাকা-নড়াইল-যশোর মহাসড়কের নড়াইল সদর উপজেলার তুলারামপুর সেতুর মাঝখানে একটি অংশ গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ধসে পড়েছে। এরপর থেকে সেতুটির ওপর দিয়ে যাত্রীবাহী বাসসহ ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
তুলারামপুর বাজারের ব্যবসায়ী খায়রুল বাশারসহ প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ চাকার একটি পাথরবোঝাই ট্রাক সেতুর ওপর দিয়ে যাওয়ার পরই ওই অংশ ধসে পড়ে। সেতুটির মাঝখানে প্রায় সাড়ে চার ফুট অংশ ধসে রড বের হয়ে গেছে। সেতুটির একাংশ ধসে পড়ায় নড়াইলের সঙ্গে যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহসহ কয়েকটি জেলার সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে সেতুর ওপর দিয়ে ভ্যান, ইজিবাইকসহ হালকা যানবাহন চলাচল করছে।