ফেসবুকে ‘ফার্স্ট টাইম মেশিন চালাইলাম’ লেখা সেই কিশোর আটক

সন্ত্রাসী ও কিশোর গ্যাং এর অঘোষিত রাজত্ব চলছে নারায়ণগঞ্জে। গ্যাং পরিচালনা করতে গিয়ে কিশোরদের হাতে তুলে দেয়া হচ্ছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য এসব আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি চালিয়ে ভিডিও করে সেটি ছড়িয়ে দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এমনই এক ঘটনায় ২২ মার্চ রাতে ফতুল্লা থানা-পুলিশ ফারহান আহম্মেদ রাহুল ওরফে তানভীর (১৭) নামে এক কিশোরকে আটক করেছে।

রাত সাড়ে তিনটার দিকে তানভীরকে ফতুল্লার দাপা বেপারীপাড়াস্থ নিকটাত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক তানভীর দাপা কবরস্থান রোডের মৃত কুদ্দুস হাজীর ভাড়াটিয়া ও ফতুল্লা পোস্ট অফিস বাসস্ট্যান্ড মাজার সংলগ্ন চায়ের দোকানদার নজরুলের ছেলে।

গত ২২ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিভলবার দিয়ে গুলি চালানোর একটি ভিডিও শেয়ার করেন নারায়ণগঞ্জ ফতুল্লার ওই কিশোর।

সেই ভিডিওর ক্যাপশন তিনি লিখেছেন, ‘ফাস্ট টাইম মেশিন চালাইলাম’। ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে অত্যাধুনিক পিস্তলে ম্যাগাজিন ঢুকিয়ে অস্ত্রটি লোড করেন। এরপর পরপর দুটি ফাঁকা গুলি ছোড়েন সেই কিশোর।

এদিকে সেই ফাঁকা গুলির ভিডিও নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তোলপাড়।

ভিডিওটি আপলোডকারী কিশোরের ফেসবুক আইডি পর্যবেক্ষণে দেখা যায়, আইডির নাম ফারহান আহমেদ রাহুল। ঠিকানা দেয়া হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা। বর্তমানে তিনি একটি কলেজে অধ্যয়নরত।

কিশোর তানভীর আটকের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, সোমবার রাতেই তাকে আটক করা হয়েছে।

এদিকে ভিডিওটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

এ পর্যন্ত কিশোর গ্যাংয়ের হাতে বহু হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও সংশ্লিষ্টরা কিশোর গ্যাং দমনে তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি। গুলি করা অস্ত্রটি বৈধ না অবৈধ তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

এর আগে ২০১৯ সালের ২৫ নভেম্বর ফতুল্লার পাগলায় সোহান নামের এক কিশোরের ফাঁকা গুলি করার ভিডিও ভাইরাল হয়েছিল।