পাকিস্তানের জাতীয় দিবস ছিল মঙ্গলবার। ওই উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি বার্তা পাঠান ভারতের নরেন্দ্র মোদি। যা নিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, চিঠিতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো রাখার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। তবে কূটনৈতিক মহলের একাংশের বক্তব্য, মোদি ইমরানকে যে চিঠি লিখেছেন, তা নিছকই সৌজন্যমূলক। প্রতি বছরই পাকিস্তানের জাতীয় দিবসে চিঠি পাঠানো হয়।
সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। আবার সম্পর্কের উন্নতির সামান্য আলো দেখা গেছে বলে কোনো কোনো মহল মনে করছে।
এর আগে ইমরান খান করোনা আক্রান্ত হওয়ার পরে মোদি তার আরোগ্য কামনা করেন। পাক সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার একটি মন্তব্য ঘিরেও জল্পনা তৈরি হয়। তিনি বলেন, ভারতের সঙ্গে আলোচনার পথ তৈরি হচ্ছে।
ভারতীয় কূটনীতিকরা বলছেন, মোদির চিঠি নিয়ে যে আলোড়ন তৈরি হয়েছে, তা যথার্থ নয়। পুলওয়ামার ঘটনার পরেও পাকিস্তানের জাতীয় দিবসে ভারত বার্তা পাঠিয়েছিল। এবারেও পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘‘প্রতিবেশী দেশ হিসেবে ভারত পাকিস্তানের বাসিন্দাদের সঙ্গে ভালো সম্পর্ক চায়। সে জন্য সন্ত্রাস ও বিরোধিতামুক্ত পরিবেশ প্রয়োজন।”
এটাই ভারতের বরাবরের অবস্থান। এর আগেও জানিয়েছে, পাকিস্তান সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করলে ভারত তাদের সঙ্গে আলোচনায় আগ্রহী।
কূটনীতিবিদের অন্য অংশের বক্তব্য, আপাতভাবে ভারতের অবস্থান না বদলালেও দুই দেশের সম্পর্কের উত্তাপ খানিকটা হলেও প্রশমিত হয়েছে। আলোচনার পরিবেশ তৈরি হচ্ছে বলে তারা মনে করছেন।
এ দিকে সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার পরিসর তৈরি করতে পরিকল্পনা তৈরি করছে সংযুক্ত আরব আমিরাত। যদিও এই রিপোর্টের সত্যতা জানা যায়নি।