যুবলীগ নেতার ইটভাটার কারণে কোটি টাকার সড়কে ধস

নারায়ণগঞ্জের বন্দরে যুবলীগের সাধারণ সম্পাদক হাতেম খন্দকার অপরিকল্পিতভাবে কৃষি জমির মাটি কেটে নেয়ায় ১০ গ্রামের একমাত্র চলাচলের সড়ক ধসে পড়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে বন্দর উপজেলার কামতাল-মালিভিটা মাদ্রাসা এলাকায় ওই রাস্তা ধসের ঘটনাটি ঘটে।

বন্দর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাতেম খন্দকারের নিজ ইটভাটার জন্য গ্রামীণ কৃষি জমি থেকে দু’শ ফুট গভীর করে মাটি কেটে নেয়া এবং মাটি ভর্তি ট্রাক চলাচলের কারণে সড়কটি ধসে পড়েছে বলে গ্রামবাসী গনমাধ্যমকর্মীদের জানিয়েছেন।

সরকারি অর্থায়নে সড়ক ধসে পড়েছে এ খবর পেয়ে বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় অভিযুক্ত যুবলীগ নেতাকে তিন দিনে সড়ক মেরামতের নির্দেশ দেন।

এলাকাবাসী গণমাধ্যমকর্মীদের আরো জানান, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কামতাল, আড্ডা, শ্যামপুর, রায়েরবাগ, মালিভিটা, দশদোনাসহ ১০ গ্রামবাসীর একমাত্র চলাচলের জন্য কামতাল মালিভিটা দাখিল মাদ্রাসা থেকে জাঙ্গালের বিলের উপর দিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সুন্দরবন পেট্রল পাম্প পর্যন্ত কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হয়েছে।  নবনির্মিত সড়কের পাশে বন্দর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম মালিকাধিন এমবিএম নামে ইটভাটা গড়ে তোলেন। এ ভাটার ইট তৈরির জন্য সড়ক সংলগ্ন আশপাশের কৃষি জমির মাটি কেটে নেয়া হচ্ছিল। সড়ক সংলগ্ন কৃষি জমি থেকে দু’শ ফুট নিচ থেকে মাটি উত্তোলনের ফলে গভীর গর্ত সৃষ্টি হয়। এরপর এই সড়কের ওপর দিয়ে প্রতিদিন শতাধিক মাটি ভর্তি ট্রাক চলাচল করছে। মঙ্গলবার সন্ধ্যার পর মাটি কেটে শ্রমিকরা চলে যাওয়ার পর পাশ্ববর্তী জমিসহ প্রায় পাঁচ শ ফুট সড়ক গভীর গর্তে ধসে পড়ে।

ধামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহম্মেদ দেশ রূপান্তরকে জানান, অপরিকল্পিভাবে জমির মাটি নেয়ায় গভীর গর্তে পরিণত হওয়ায় নবনির্মিত সড়ক ধসে পড়েছে। এটা অত্যন্ত দুঃখজনক । ইউএনও এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। তিন দিনের মধ্যে সড়ক মেরামত করে দিতে তাগিদ দেন এসিল্যান্ড।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুক্লা সরকার বলেন, ঘটনাস্থলে এসিল্যান্ডকে পাঠানো হয়েছে। তিনি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণর নিদের্শ দিয়েছেন। সরকারি রাস্তা নিজ স্বার্থের জন্য কেউ অপব্যবহার করলে অবশ্যই জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।