দিল্লিতে বিমান রেলে করোনা পরীক্ষার নির্দেশ

ভারতের রাজধানী দিল্লিতে বিমানবন্দর, রেলস্টেশন ও বাসস্ট্যান্ডগুলোয় যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষা করা হবে। গত মঙ্গলবার দিল্লি প্রশাসন এ নির্দেশনা জারি করেছে। এ ছাড়া প্রকাশ্যে হোলি, শবেবরাত ও নবরাত্রি উৎসব পালনের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাজার, শপিং মল ও জনবহুল এলাকাগুলোয় বিশেষভাবে নজরদারিরও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ভিড় হয় এমন বেসরকারি বাসস্ট্যান্ডগুলোয় যাত্রীদের কভিড পরীক্ষা করা হবে। যেসব রাজ্যে সংক্রমণ বেশি, সেই সব রাজ্য থেকে আসা যাত্রীদেরও এই পরীক্ষা করা হবে। সব জেলা প্রশাসন ও পুলিশকে এ ব্যাপারে সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়েছে। দিল্লিতে সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। দৈনিক সংক্রমণ ১ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ১ হাজার ১০১ জন।