সুনামগঞ্জের তাহিরপুরে পূর্বশত্রুতার জেরে গুলি করে দুই ব্যক্তিকে হত্যা মামলার রায়ে দুজনকে মৃত্যুদন্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ নুরুল আলম মোহাম্মদ নিপু এ রায় দেন। মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন একই উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের কামদেবপুর গ্রামের আবদুল হান্নান ওরফে যাত্রা মিয়া ও শাসছুদ্দিন ওরফে শামছু মিয়া।
আদালত সূত্রে জানা যায়, কামদেবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে ২০০০ সালের ১৮ মার্চ এক পক্ষের লোকজনের হাতে অন্য পক্ষের একজন মারধরের শিকার হন। পরদিন সকালে এ নিয়ে সালিসে যাওয়ার সময় পথে প্রতিপক্ষের লোকজনের গুলিতে আরপান আলী ও মতিউর রহমান মারা যান। মামলার বিচারকাজ চলাকালে নয় আসামির মৃত্যু হয়।