নরসিংদীর পলাশে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে মোস্তফা কামাল (৩৮) নামে এক মেডিকেল অফিসারের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে হারুন-অর রশিদ নামে আরেক চিকিৎসক।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাগপাড়া প্রাণ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কামাল পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার আনাহুলা ইউনিয়নে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মোস্তফা সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে পলাশ থেকে ঘোড়াশালে যাচ্ছিলেন। এ সময় একটি পণ্যবাহী ট্রাকও ঘোড়াশালে যাচ্ছিল।
মোটরসাইকেলটি প্রাণ কোম্পানির ৩নং গেটের রোড ডিভাইডারের সামনে আসলে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় দুজন। এ সময় বাইকের পেছনে বসা মোস্তফা ছিটকে পড়ে গিয়ে পেছনে থাকা ট্রাকের চাকার নিচে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ সময় মোটরসাইকেল চালক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক চিকিৎসক হারুন-আর রশিদ আহত হন। পরে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
ঘোড়াশাল ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, রাস্তার পাশের সিসি টিভির ফুটেজে দেখা যায় রোড ডিভাইডারে স্লিপ খেয়ে বাইকটি পড়ে গেলে মোস্তফা রাস্তার মাঝে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়েন।
তিনি বলেন, নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।