গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের কর্মীদের ধাওয়া খেয়ে যুবদল জঙ্গলে তাদের কর্মীসভা করেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার আটাবহ ইউনিয়নের সাহাবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
যুবদলের নেতাকর্মীরা জানান, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আটাবহ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা কালিয়াকৈর বাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে এক কর্মিসভার আয়োজন করে। কিন্তু ওই এলাকায় বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির অফিসে হামলা চালায়। এতে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ কারণে বিএনপির নেতারা ওই এলাকায় কোনো কর্মসূচি পালন করতে পারেননি। ধাওয়া খেয়ে তারা আটাবাহ ইউনিয়নের সাহাবাজপুর এলাকায় একটি জঙ্গলের পাশে খোলা মাঠে অবস্থান নেন। পরে সেখানেই গাছে ব্যানার সাঁটিয়ে কর্মীসভা করেন।
কর্মীসভায় সভাপতিত্ব করেন আটবহ ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর হোসেন। বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খান, উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাসনাত মোহাম্মদ রায়হান ও আরিফুল ইসলাম প্রমুখ।
কালিয়াকৈর উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুবদলের কর্মিসভার আয়োজন করা হয়। কিন্তু আওয়ামী লীগের কিছু লোকজন ধাওয়া করেন। পরে বাধ্য হয়ে ওই এলাকায় একটি মাঠে বসে কর্মীসভা করি।
এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর প্রথম আলোকে বলেন, ‘কোথাও কাউকে ধাওয়া করা হয়েছে, এমন খবর আমার জানা নেই।’