দুমকিতে ডায়রিয়ার প্রাদুর্ভাব

পটুয়াখালীর দুমকিতে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এক সপ্তাহে উপজেলা হাসপাতালে অন্তত শতাধিক ডায়রিয়া রোগীকে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। রোগীর স্বজনদের দাবি, পরিস্থিতি সামাল দিতে কর্র্তৃপক্ষের কোনো পূর্বপ্রস্ততি নেই। সংকট থাকায় বাইরে থেকে কিনতে হচ্ছে অ্যান্টিবায়োটিক ও স্যালাইন। এদিকে আগামী কয়েক দিনের মধ্যে সংকট কেটে যাওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্র্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই গড়ে ২০-২৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। এই রোগীদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্য সেবিকারা। হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীর পাশাপাশি ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে বেড সংকটও। বেড না থাকায় হাসপাতালের মেঝেতে বিছানা পেতে চিকিৎসা দিতে হচ্ছে রোগীদের। 

গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে দেখা গেছে, হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়। ফ্লোরে বিছানা পেতেও চিকিৎসা নিচ্ছেন কেউ কেউ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীনের চেম্বারে গিয়ে তাকে পাওয়া যায়নি। অফিস সহায়ক বাবুল মীর বলেন, ‘স্যার মিটিংয়ে গেছেন।’ মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি বলেন, স্যালাইন সংকট দু-এক দিনের মধ্যে কেটে যাবে, ইনডেন দেওয়া হয়েছে।