প্রথমবার বাংলায় কনসার্ট, আবেগে ভাসছেন ব্রিটেনের সংগীতশিল্পী

ব্রিটেনের নতুন প্রজন্মের তারকা সংগীতশিল্পী বাংলাদেশি বংশোদ্ভূত জয় এলিজাবেথ আকতার ক্রুকস প্রথমবার মাতৃভাষায় লাইভে গান গেয়ে উদ্বেলিত। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিবিসি এশিয়ান নেটওয়ার্ক আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার লাইভে ‘এই রাত তোমার আমার’ গানটি করেন তিনি।

ক্রুকস পরে জানান, মুক্তিযুদ্ধের সময় তার পরিবারের অনেকেও মারা গেছেন।

জয় ক্রুকসের মা বাংলাদেশি নারী। বাবা আইরিশ। সবাই থাকেন ব্রিটেনে।

‘আমার গর্ব হয়। আমি সেসব দিন চোখে দেখিনি, কিন্তু দ্বিতীয় প্রজন্মের বাঙালি হিসেবে এটা আমার কাছে অনেক কিছু,’ মন্তব্য করে রেডিও ১ নিউজবিটকে ক্রুকস বলেন, ‘ওই যুদ্ধের সময় আমার পরিবারের অনেকে মারা গেছেন। আমি এখন বাংলায় কথা বলতে পেরে গর্বিত।’

ক্রুকস জানান, গান গাওয়ার মতো বাংলা শিখতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আর এ কারণেই তার কাছে বিষয়টি ‘বড় অর্জন’ বলে মনে হচ্ছে।

তিনি বলেন, ‘যখন কোনো দেশ স্বাধীনতার জন্য ‍যুদ্ধ করে, তখন তারা শুধু মানুষের জন্য যুদ্ধ করে না…যুদ্ধ করে তার শিল্প, গান, কবিতার জন্যও।’