দিনাজপুরের পার্বতীপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদ্যাপন উপলক্ষে নানা আয়োজনে দুই দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামাণিক উন্নয়ন মেলা উদ্বোধন করেন।
এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে বের করা হয়।
শোভাযাত্রা শেষে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন মেলায় কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার অধিদপ্তরসহ একাধিক সরকারি প্রতিষ্ঠানের ২২টি স্টল স্থান পেয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পার্বতীপুর উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুজ্জামান, খোলাহাটি ডিগ্রি কলেজর অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ক.খ মো. আলাওল হাদী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দ. শাকিনা বিনতে শরীফ প্রমুখ।
পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামাণিক বলেন, মেলা থেকে জনগণ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিকল্পনা সম্পর্কে জানতে পারবে। এতে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হচ্ছে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ বলেন, মেলায় সরকারের উন্নয়ন সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে উপজেলা প্রশাসনের ২২টি স্টল রয়েছে।