কেন্দ্র দখল হবে শুধু মেয়রের জন্য, কাউন্সিলর প্রার্থী উন্মুক্ত: আ.লীগ নেতা

ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচন নিয়ে আয়োজিত দলীয় মতবিনিময় সভায় মেয়র প্রার্থীর জন্য কেন্দ্র দখল করার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের এক নেতা।

শনিবার দুপুরে পৌরসভার উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদ উদ্দিন খন্দকার এ ঘোষণা দেন।

সোনাগাজী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম খোকনের সমর্থনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

কাউন্সিলর প্রার্থীদের উদ্দেশে শহিদ উদ্দিন খন্দকার বলেন, ‘কেন্দ্র দখল হবে শুধু মেয়রের জন্য। কাউন্সিলর প্রার্থী উন্মুক্ত। একশো পারসেন্ট কাউন্সিলর ব্যালট ভোটারদের হাতে দেওয়া হবে এটা আপনারা নিশ্চিত থাকবেন।’

তিনি বলেন, ‘এটা আমাদের কিচেন ক্যাবিনেটের সিদ্ধান্ত। আমাদের প্রিয় নেতার একটি কিচেন ক্যাবিনেট রয়েছে। এখানে আমাদের দিদার সাহেব, সুশেন বাবু রয়েছেন। তারা ইতোমধ্যে সব বলেছেন; যা বলেছেন ওনার (নিজাম হাজারীর) মেসেজ বলেছেন। আমি যেহেতু জেলার দায়িত্বে রয়েছি, তাই আমিও আপনাদের প্রিয় নেতার মেসেজ দিচ্ছি।’

মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সুশেন চন্দ্র শীল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলি হায়দার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খন্দকার। ফেনীর রাজনীতিতে তারা সবাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির অনুসারী হিসেবে পরিচিত।

এছাড়া সভায় সোনাগাজী উপজেলা পরিষদেও চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি প্রফেসর মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী রফিকুল ইসলাম খোকনসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের সকল ইউনিটের সভাপতি-সম্পাদক, উপজেলা যুবলীগ-ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ সকল ইউনিটের সভাপতি সম্পাদকবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে শহীদ খন্দকারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কেন্দ্র দখল করা হবে বলেছি কিনা আমার স্মরণে নেই। যদিও বলে থাকি সেটা মুখ ফসকে বলা হয়েছে। কেন্দ্র দখলের কোনো পরিকল্পনা আমাদের নেই। আমরাও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি।’

এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর জন্য কেন্দ্র দখল করা হবে জেলা আওয়ামী লীগ নেতার এমন ঘোষণায় তীব্র ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নাছির উদ্দিন, ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ হিজবুল্লাহ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ সেলিম।

তারা বলেন, বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হবে। নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে বিষয়ে তাদের চেষ্টা অব্যাহত থাকবে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ এপ্রিল সোনাগাজী পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।