বাড়তে পারে চীনের প্রযুক্তি পণ্যের দাম

বিশ্বব্যাপী চিপ ঘাটতির কারণে কিছু পণ্যের দাম বাড়তে পারে বলে সতর্ক করেছেন চীনা স্মার্টফোন নির্মাতা শাওমির প্রেসিডেন্ট ওয়াং জিয়াং।

গত বুধবার কোম্পানির আয় বিবরণী প্রকাশের সময় জিয়াং বলেন, ‘আমরা আমাদের পণ্যের নির্মাণ ব্যয় যতটা সম্ভব ক্রেতার সাধ্যের ভেতরে রাখার চেষ্টা করব। সত্যি কথা বলতে, ভোক্তাদের কাছে আমাদের সেরাটুকু পৌঁছে দেওয়ার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তবে অনেক সময় পরিস্থিতির চাপে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে নির্মাণব্যয় বেশি হওয়ায় সেই চাপ গ্রাহকের ওপর বর্তায়। আমরা গ্রাহকের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নই। তাই গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আগে থেকেই পুরো পরিস্থিতি জানিয়ে রাখছি। পুরো চীনে চিপের ঘাটতির ফলে আমরা বেশ চাপে আছি। তবে শিগগির আমরা এই চাপ কাটিয়ে উঠতে পারব বলে আশা রাখি।’

কম্পিউটার চিপের ঘাটতির ফলে গত বছরের শেষের দিকে চীনের ইলেকট্রনিকস শিল্প বড় ধরনের ধাক্কা খায়। এর পেছনে রয়েছে কভিড-১৯ ও চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল চিপ সংকটের প্রভাব শুধু স্বচালিত গাড়ি নির্মাণশিল্পে পড়বে। কিন্তু শেষ পর্যন্ত আর স্মার্টফোনে সীমাবদ্ধ নেই সমস্যাটি। এই চাপ গিয়ে পড়েছে বিভিন্ন হার্ডওয়্যার পণ্যের ওপরও।

এ মাসের শুরুতে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শাওমির মূল চিপ সরবরাহকারী কোয়ালকম কোম্পানি বড় বড় স্মার্টফোন ব্র্যান্ডের চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে। সব মিলিয়ে চীনের ইলেকট্রনিকস শিল্প সংকটের মুখোমুখি। কাজেই শুধু শাওমি নয়, চিপ সংকট কাটিয়ে উঠতে না পারলে সব ধরনের চীনা ইলেকট্রনিকস পণ্যের দামই বেড়ে যেতে পারে।