সারা দেশে হেফাজতের হরতালের সমর্থনে সুনামগঞ্জে রবিবার সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে লাঠিসোঁটা হাতে অবস্থান নিয়ে পিকেটিং করছেন হেফাজতের নেতাকর্মীরা।
লাঠিসোঁটা নিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেলে চড়ে বিক্ষোভ মিছিলও করছেন তারা।
রবিবার সকালে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ড, আলফাত স্কয়ার পয়েন্ট, বুক পয়েন্ট, কাজীর পয়েন্ট, নবী নগর পয়েন্ট, ওয়েজখালী পয়েন্ট, নতুন বাসস্ট্যান্ডসহ সব জায়গায় হেফাজতের নেতাকর্মীরা হাতে লাঠি নিয়ে রাস্তায় বসে অবস্থান নেন। দূর-দূরান্ত এবং শহরেও কোনো ধরনের যানবাহন চলাচল করতে বাধা দিতে দেখা যায়।
এদিকে বিশৃঙ্খলা ঠেকাতে শহরের প্রত্যেকটি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।
হেফাজত নেতা মাওলানা আব্দুল রকিব বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি, সরকারদলীয় লোকের দ্বারা মসজিদে হামলা ও পুলিশের গুলিতে মুসলমানদের মৃত্যুর জবাব সরকারকে দিতেই হবে।’
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুর রহমান জানান, শহরে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেই জন্য আমরা শহরের প্রত্যেকটি পয়েন্টে পুলিশ মোতায়েন করেছি।