রোহিঙ্গা ভোটার করার অভিযোগে কক্সবাজার পৌরসভার কাউন্সিলরসহ গ্রেপ্তার ৪

রোহিঙ্গা ভোটার করার অভিযোগে কক্সবাজার পৌরসভার বর্তমান ও সাবেক তিন কাউন্সিলরসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার ভোরে কক্সবাজার শহরের নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করে দুদকের পৃথক দুটি টিম।

গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল, ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম ও অফিস সহকারী দিদারুল ইসলাম।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপপরিচালক মাহব্বু আলম ও সহকারী পরিচালক শরীফ উদ্দীন এর নেতৃত্বে দুদকের পৃথক টিম এ অভিযান চালায়।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক শরীফ উদ্দীন জানান, দায়িত্ব পালন কালে অনৈতিকতার আশ্রয় নিয়ে কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান এবং ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল, ১১নং ওয়ার্ডের রফিকুল ইসলাম ও অফিস সহকারী দিদারুল ইসলাম রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করার তথ্য পায় দুদক।

এর প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হবে।

তিনি জানান, গেল ৫ বছরে রোহিঙ্গাদের ভোটার করা, পাসপোর্ট করতে সহায়তা, জন্ম-নিবন্ধন সনদ দেয়াসহ নানা অভিযোগে মোট ১২টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।