স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির পর শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে এসে বিষপানে স্বামী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এ ঘটনা ঘটেছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত বিল্লাল মিয়া(২৮) উপজেলার বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে।
রবিবার সকালে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মৃতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে বিল্লাল মিয়া একই উপজেলা ও ইউনিয়নের বিরমাবালা গ্রামে স্ত্রী রোজিনা (২১) ও ছয় মাস বয়সী শিশু সিফাতকে আনতে শ্বশুরবাড়িতে যান।
সেখানে স্ত্রী’র সাথে বিল্লালের কথা-কাটাকাটির একপর্যায়ে সংসার করবে না বলে জানিয়ে দেন রোজিনা। এ সময় শ্বশুরবাড়ির লোকজনের গালিগালাজ শুনে বিল্লাল নিজ বাড়িতে চলে আসেন।
পরিবার ও স্বজনদের কাছে বিষয়টি জানান এবং পরদিন সন্ধ্যার দিকে পরিবারের অজান্তে বিষপান করেন। তার গোঙানোর শব্দ পেয়ে বিল্লালের মা ও তার চাচি তাদের ডাক-চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
সেখানে চিকিৎসাধীন থাকার পরের দিন শনিবার রাত সাড়ে ১০টার দিকে মারা যান বিল্লাল।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুন-এ আলম দেশ রূপান্তরকে বলেন, মৃতের লাশ উদ্ধার করে রবিবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পায়নি এবং অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
তবে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।