রাসেলের কথায় এ আর রহমান

বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে ঘিরে গান বাঁধলেন অস্কারজয়ী মিউজিক মায়েস্ত্রো এ আর রহমান। ‘বলো জয় বঙ্গবন্ধু’ নামে হিন্দি ভাষায় এই গানটি লিখেছেন জুলফিকার রাসেল। গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর রাতে ঢাকার প্যারেড গ্রাউন্ডে প্রচার হয় গানটি। করোনার কারণে এদিন এ আর রহমান অনুষ্ঠানে অনুপস্থিত থাকতে পারেননি। গীতিকার জুলফিকার রাসেল বলেন, ‘এতো বড় উৎসবে আমাদের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অতিথি হয়ে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানের প্রধান চমক হিসেবে বাজলো এ আর রহমানের কণ্ঠ-সুরে আমার লেখা গানটি। এটি এমনই এক মুহূর্ত ছিল, সেটি আসলে মুখে বলে বা লিখে প্রকাশ করার সামর্থ্য আমার নেই। কীভাবে এত কিছু হয়ে গেল, টেরই পাইনি।’

এ আর রহমানের কণ্ঠে ‘বোলো জয় বঙ্গবন্ধু’ গানটি প্যারেড গ্রাউন্ডে পরিবেশনের পর থেকে নেট দুনিয়ায় ভাইরাল। গানটির শুরু বাংলায়, ‘আমার সোনার বাংলা’ বাক্যটি দিয়ে। বাংলাদেশের জন্য এ আর রহমানের তৈরি এটাই প্রথম গান। জুলফিকার রাসেল জানান, তার কথায় এ আর রহমান আরও একটি গান তৈরি করে রেখেছেন। সেটিও দেশাত্মবোধক। অপ্রকাশিত সেই গানটি বাংলা ভাষায়! ‘আজও শুনি বজ্রধ্বনি’ শিরোনামের এই গানটিও উন্মোচন হবে বিশেষ একটি জাতীয় আয়োজনে।