যশোরে বিএনপির মিছিলে পুলিশের সঙ্গে হাতাহাতি

যশোরে বিএনপির একটি মিছিলে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির জেলা কার্যালয় অবরোধ করে রাখে পুলিশ। রবিবার বিকেলে শহরের মাইকপট্টি মোড়ে এ ঘটনা ঘটে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল ইসলাম রানা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে শহরের মাইকপট্টি মোড় থেকে তারা একটি মিছিল বের করেন।

তিনি বলেন, ‘পুলিশ কর্তৃক নিরস্ত্র প্রতিবাদী মানুষের ওপর গুলিবর্ষণ করে হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে’ ব্যানারে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে তারা মিছিলটি করছিলেন। এ সময় পুলিশের একটি দল বাধা দেয়। বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। এ অবস্থাও তারা মিছিল করে রেল রোডে গিয়ে শেষ করেছেন।

তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রেপ্তার এড়াতে দলীয় কার্যালয়ে না গিয়ে মিছিলকারীরা শহরের রেল রোডে আদ্-দ্বীন হাসপাতালের সামনে গিয়ে ছত্রভঙ্গ হয়ে যান।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, বিএনপি বিনা অনুমতিতে মিছিল করলে পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। তখন মিছিলকারীরা পুলিশের ওপর চড়াও হয়। আত্মরক্ষার্থে লাঠিচার্জ করা হয়েছে।