রোজায় বাজারে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে কয়েক ধরনের পণ্য আমদানির শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্যের মধ্যে রয়েছে ভোজ্য তেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, খেজুর, ফলমূল ও চিনিসহ অন্যান্য ভোগ্যপণ্য।
গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়।
সার্কুলারে বলা হয়, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ ও এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ের রাখতে ভোগ্যপণ্য আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখতে পারবে ব্যাংকগুলো।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এলসি মার্জিনের হার ন্যূনতম রাখলে আমদানিকারকদের প্রাথমিক কোনো বিনিয়োগ করার প্রয়োজন হবে না। অর্থাৎ আমদানি করা পণ্য দেশে আসার আগে কোনো খরচ করতে হবে না। ফলে আমদানিকারকরা পণ্য আমদানি করতে উৎসাহিত হবেন বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৫ মে পর্যন্ত এ সুবিধা বলবৎ থাকবে।