ন্যায্য গোল না পেয়ে ক্ষুব্ধ রোনালদো ছুড়ে ফেললেন আর্মব্যান্ড

খেলা ২-২। শেষ বাঁশির মিনিট দুই বাকি আর। সার্বিয়ার বক্সে সতীর্থের বাড়ানো বল ধরে গোলকিপারকে কাটিয়ে নিচু ডাইভে পোস্টে পাঠান ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষ মুহূর্তে গোললাইন থেকে বল ক্লিয়ার করেন ডিফেন্ডার স্তেফান মিত্রোভিচ। তবে রিপ্লেতে দেখা যায়, ক্লিয়ার করার আগেই বল লাইন পেরিয়েছিল। জয়সূচক গোল। তাই রোনালদোর উদযাপনটাও ছিল দেখার মতো। কিন্তু গোলটি ডাচ রেফারি ড্যানি ডেসমন্ড ম্যাকেলি দেননি দেখে ক্ষোভে ফেটে পড়েন পর্তুগাল অধিনায়ক। আর্মব্যান্ড ছুড়ে ফেলেন।

শনিবার এই কান্ড হয়েছে বেলগ্রেডের স্টাদিও রায়কো মিতিচ স্টেডিয়ামে। ম্যাচের প্রথমার্ধ দেখে মনে হয়েছিল হেসেখেলেই জয় পাবে পর্তুগাল। ম্যাচের ১১ ও ৩৬ মিনিটে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন লিভারপুল ফরোয়ার্ড দিয়েগো জোতা। দুটি গোলই করেন হেডে। দ্বিতীয়ার্ধের শুরুতে দু’জন খেলোয়াড় পরিবর্তন করে খেলার ধরন বদলে দেয় সার্বিয়া। ৪৬ মিনিটে স্ট্রাইকার আলেকসান্দের মিত্রোভিচ এবং ৬০ মিনিটে ফিলিপ কসতিচ গোল করলে সমতায় ফেরে সার্বিয়া। ম্যাচ যখন অন্তিম মুহূর্তে, তখন রোনালদোর ওই গোল বাতিলের ঘটনা। এ নিয়ে রোনালদো বলেন, ‘আমি সব সময় নিজ দেশের জন্য সবকিছু দিয়ে যাব। তার কোনো ধরনের পরিবর্তন হবে না। তবে এমন কিছু মুহূর্ত আছে যা মেনে নেওয়া কঠিন, বিশেষ করে যখন অনুভব করি পুরো জাতিকেই (দলকে) শাস্তি দেওয়া হয়েছে। আমরা আমাদের মাথা উঁচুই রাখব এবং পরবর্তী চলেঞ্জের দিকে এগিয়ে যাব।’ কোচ সান্তোস সংবাদ সম্মেলনে জানান, খেলা শেষ হওয়ার পরপরই সিদ্ধান্ত ভুল ছিল স্বীকার করে ক্ষমা চেয়েছেন রেফারি। ‘ম্যাচ শেষে রেফারি আমার কাছে সরাসরি ক্ষমা চান। এটা পরিষ্কার গোল ছিল, কিন্তু এখন আমাদের কিছুই করার নেই। প্রথমার্ধ আমরা নিয়ন্ত্রণ করেছিলাম কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা মনোযোগ হারিয়ে ফেলি।’ সার্বিয়া কোচ দ্রাগান স্তয়কোভিচ অবশ্য বিতর্কে যেতে চান না। কৌশলে এগিয়ে বিষয়টি এড়িয়ে যান। বলেন, ‘রেফারির সিদ্ধান্ত নিয়ে আমি কখনো মন্তব্য করি না, সেটা আমাদের পক্ষে আসুক আর না আসুক। রেফারিদের ভুল খেলারই একটা অংশ এবং এটাকে এভাবেই দেখা উচিত।’ এই ম্যাচে ভিএআর বা গোলপ্রযুক্তি- কোনোটাই ব্যবহার করা হয়নি। গ্রুপ ‘এ’-তে সার্বিয়া-পর্তুগাল দুদলেরই সংগ্রহ এখন ৪ পয়েন্ট। গোল গড়ে এগিয়ে আছে সার্বিয়া।

ফ্রান্সের জয়

২০২২ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল ফ্রান্সকে। গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্রান্স ২-০ গোলে হারিয়েছে কাজাখস্তানকে। ম্যাচের প্রথমার্ধেই হয় গোল দুটি। ১৯ মিনিটে ওসমান দেম্বেলে এগিয়ে দেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। ৪৪ মিনিটে কাজাখস্তানের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে।

লুকাকুর গোলে বেলজিয়ামের ড্র

এস্তোনিয়াকে ৬-২ গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু করা চেক প্রজাতন্ত্র ৫০ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল প্রাগে নিজেদের মাঠে। কিন্তু ১০ মিনিট পরই সমতা ফেরান রোমেলু লুকাকু। দুদলের পয়েন্ট সমান ৪ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে বেলজিয়াম। শীর্ষে চেকরা।

মদ্রিচের রেকর্ড

রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদ্রিচের ইতিহাস গড়ার ম্যাচে আতালান্তার মিডফিল্ডার মারিও পাসালিচের গোলে সাইপ্রাসকে ১-০ তে হারিয়েছে ক্রোয়েশিয়া। এই ম্যাচ খেলে সাবেক ডিফেন্ডার দারিও সরনাকে ছাড়িয়ে ক্রোয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ (১৩৫) খেলা ফুটবলার হয়ে গেছেন মদ্রিচ। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান গতবারের রানার্সআপদের।

আইরিশদের হার

আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চমক সৃষ্টি করেছে লুক্সেমবার্গ। ফিফা র‌্যাংকিংয়ে আইরিশরা আছে ৪২ নম্বরে। লুক্সেমবার্গ ৯৮ নম্বরে। গেল ২৪ মার্চ কাতারের কাছে হেরেছিল লুক্সেমবার্গ। তাই লুক্সেমবার্গের কাছে আইরিশদের এই হার অঘটনই মনে করছেন অনেকে। এ গ্রুপে আয়ারল্যান্ডের এটি টানা দ্বিতীয় হার। নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার কাছে হেরেছিল আইরিশরা। অতিথি হিসেবে এই গ্রুপে খেলা কাতার শনিবার আজারবাইজানকে হারিয়েছে ২-১ গোলে।

ডাচদের প্রথম জয়

প্রথম ম্যাচে তুরস্কের কাছে প্রতিপক্ষের মাঠে ২-৪ গোলে হেরে গিয়েছিল নেদারল্যান্ডস। শনিবার নিজেদের মাঠে ৫ হাজার দর্শকের সামনে ২-০ গোলে তারা হারিয়েছে লাটভিয়াকে। ম্যাচের আগে কাতারে বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণে থাকা প্রবাসী শ্রমিকদের মানবাধিকার লংঘনের প্রতিবাদে হিউম্যান রাইটস-এর টি-শার্ট পরে ডাচ ফুটবলাররা। টি-শার্টে লেখা ছিল ‘ফুটবল সাপোর্ট চেইঞ্জ’।

অর্থাৎ, ফুটবল পরিবর্তনের পক্ষে। এ প্রসঙ্গে ডাচ ডিফেন্ডার ডি লিখট বলেন, ‘আমরা জানি যারা ২০২২ বিশ্বকাপের জন্য কাজ করছে তারা অনেক কঠিন পরিস্থিতিতে কাজ করে।’ লিওতে খেলা আরেক ডাচ ফরোয়ার্ড ডিপে বলেন, ‘ফুটবলার হিসেবে আমাদের কণ্ঠ সোচ্চার থাকা উচিত।’

তুরস্কের জয়, নরওয়ের প্রতিবাদ অব্যাহত

জি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে তুরস্ক। নরওয়ের মাঠে ৩-০ গোলে জিতেছে তুর্কিরা। এর আগে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছিল তারা। ফলে দুই ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে আছে তুরস্ক। নরওয়ে এদিনও প্রতিবাদ করেছে। ২০২২ কাতার বিশ্বকাপের অবকাঠামো তৈরিতে কাজ করা অভিবাসী শ্রমিকদের সঙ্গে মানবাধিকার লংঘন করা হচ্ছে বলে অভিযোগ আগে থেকেই।

সম্প্রতি ব্রিটেনের শীর্ষস্থানীয় পত্রিকা ‘দ্য গার্ডিয়ান’ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর আবার নতুন করে আলোচনা চলছে বিষয়টি নিয়ে। এরই পরিপ্রেক্ষিতে অভিবাসী শ্রমিকদের জন্য প্রতিবাদ জানিয়ে আসছে নরওয়ে, জার্মানিসহ বেশ কিছু দেশ। নরওয়ে এদিনও ম্যাচের আগে বিশেষ টি-শার্ট পরেছিল। যেখানে লেখা ছিল মানবাধিকারের কথা। টি-শার্টে লেখা ছিল ‘হিউম্যান রাইটস, অন অ্যান্ড অফ দ্য পিচ।’