চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক ও শ্যালোইঞ্জিনচালিত আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনা লোকনাথপুর ফায়ার সার্ভিসের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই উপজেলার ডুগডুগি গ্রামের আমির হোসেনের ছেলে আশানুর রহমান (৩৮) ও তার ছেলে আজম (১১)।
স্থানীয়রা জানায়, গতকাল সকাল ৯টার দিকে দামুড়হুদার হাউলী এলাকা থেকে আলমসাধুতে সিমেন্টভর্তি করে দর্শনার দিকে যাচ্ছিলেন আশানুর ও তার ছেলে আজম। পথে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনার লোকনাথপুর ফায়ার সার্ভিসের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের বহনকারী আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে আলমসাধুটি দুমড়ে-মুচড়ে গিয়ে শিশু আজম ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও দুজন। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা আশানুরকে মৃত ঘোষণা করেন। দামুড়হুদা মডেল থানার ওসি আবদুল খালেক জানান, ঘুমন্ত অবস্থায় গাড়ি (ট্রাক) চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।
এছাড়া গত শনিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবলীগ নেতাসহ ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে যশোরে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবলীগ নেতা, নারায়ণগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক, সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনে আগুন ধরে এক চালক, পটুয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ, চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন ও চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বিস্তারিত ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে :
যশোর : সদর উপজেলায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান (৩৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। গতকাল দুপুরে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে এ দুর্ঘটনা ঘটে। জাহিদ উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগের সভাপতি ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুর ১টার দিকে বাহাদুরপুর সেমকো সিএনজি স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি বিয়ের গাড়ির বহরের সামনে থাকা প্রাইভেট কারের সঙ্গে জাহিদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা জাহিদ ও তার ভাতিজি নওমি (১১) গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জাহিদকে মৃত ঘোষণা করেন। নওমিকে ঢাকায় পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ : রূপগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। গতকাল সকালে গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কের ভুলতা ফ্লাইওভারের ইউটার্নে ট্রাফিক বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল ৯টার দিকে ভুলতা ফ্লাইওভার দিয়ে মদনপুর থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে গাউছিয়া মার্কেটের মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মদনপুর থেকে আসা ট্রাকটির চালক শফিকুল নিহত হন। কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) মনিরুজ্জামান জানান, নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জ : রায়গঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনে আগুন ধরে মদন চৌহান (৪৫) নামে এক চালক অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। গত শনিবার রাত ২টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রায়গঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ঢাকাগামী মুরগির খাদ্যবোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে এর সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বগুড়াগামী কাপড়বোঝাই অন্য একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটির ইঞ্জিনে আগুন ধরে যায়। একপর্যায়ে মুরগির খাদ্যবোঝাই ট্রাকটির কেবিনে আগুন ধরে গেলে চালক মদন দগ্ধ হয়ে মারা যান। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. শাজাহান আলী জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
পটুয়াখালী : গলাচিপায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ও আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার নাসকতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বোয়ালিয়া গ্রামের সেরাজুলের ছেলে সাইমুন (২২) ও একই এলাকার নকু সরদারের ছেলে রায়হান (১৮)। স্থানীয়রা জানায়, শনিবার রাত ৯টার দিকে রায়হান ও আসাদুল নামে দুই তরুণকে সঙ্গে নিয়ে গলাচিপার দিকে যাচ্ছিলেন সাইমুন। এ সময় ঘটনাস্থলে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত হন ওই তিনজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সাইমুন ও রায়হানকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক পলিটেকনিক ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। গতকাল উপজেলার পিয়ার বিশ্বাসের ঘাট ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ শহরের দ্বারিয়াপুর তাঁতীপাড়া মহল্লার আশিকুদ্দৌজা আসিফ (২২) ও ইসলামপুর কাজিপাড়া গ্রামের সাগর আলী (১৮)। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, পিয়ার বিশ্বাসের ঘাট এলাকায় বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এর নিচে চাপা পড়ে চালক সাগর আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্যদিকে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু টোলঘরের কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আসিফের মৃত্যু হয়।
চট্টগ্রাম : লোহাগাড়ায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার পদুয়া বাজার এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার শাহ আলম (৪১), মো. জাহাঙ্গীর (৩০) ও মো. আয়াছ (৪০)। দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. আবদুর রব জানান, গতকাল ভোর ৪টার দিকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর ও আয়াছকে মৃত ঘোষণা করেন। এদিকে শনিবার রাত ১২টার দিকে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকার মহাজন ঘাটা নামক স্থানে একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মৃদুল জলদাস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।