কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ঢাকা ট্রিবিউনের তিন সাংবাদিকসহ অন্তত ২০জন যাত্রী আহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে চকরিয়া হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন- ‘ঢাকা ট্রিবিউনের অনলাইন বিভাগের সাংবাদিক মাহমুদুল হক নিশাত (২৪), ইমরান হোসেন (২৮) ও আতিক মোস্তফা (২২)। এছাড়াও তাদের সহযাত্রী নাফিজ (২৪), অর্নব (২৫), তামিম (২২), কায়েস (২২), মিশুক (২৪), জাকিয়া (২১), আর্জু (২৬) ও মৌ (২৬)। তারা সবাই রিলাক্স পরিবহনের মাধ্যমে ঢাকা থেকে কক্সবাজার হয়ে সেন্টমার্টিন যাচ্ছিলেন। আহত অন্যান্য যাত্রীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা ট্রিবিউনের সাংবাদিক মাহমুদুল হাসান নিশাত জানান, ‘বন্ধু-বান্ধব ও সহযাত্রীদের নিয়ে রবিবার রাতে ঢাকা থেকে রিলাক্স পরিবহনের মাধ্যমে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় কক্সবাজারের চকরিয়া হারবাং এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাককে সাইড দিতে যাত্রীবাহী রিলাক্স পরিবহনটি খাদে পড়ে উল্টে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, ‘ঢাকা থেকে কক্সবাজারমুখী যাত্রীবাহী রিলাক্স পরিবহনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের খাদে পড়ে। এ সময় বাসটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পরে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।