চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত ও ১৫ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কাজীর দেউড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, কাজীর দেউড়িতে বিএনপি কার্যালয় নসিমন ভবনের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল ছোঁড়া হয়, তাদের ওপর হামলা করা হয় এবং রাস্তায় ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অ্যাকশনে যায় এবং বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চট্টগ্রাম মহানগর (দক্ষিণ) অতিরিক্ত পুলিশ কমিশনার পলাশ কান্তি নাথ জানান, চট্টগ্রাম মহানগর বিএনপি বিক্ষোভ মিছিলটি বের করে। এ সময়, নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে বিএনপি কর্মীরা সড়ক অবরোধ করলে, পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দেয়।
স্বাধীনতা দিবসে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও পুলিশের হামলা এবং হত্যার ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল-চট্টগ্রাম মহানগর শাখার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়।
নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, মিছিল আসার পরপরই দলীয় কার্যালয়ের সামনে পুলিশ অতর্কিতে গুলি করতে থাকে। আহত হয়েছে দলের ২০ নেতাকর্মী। তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন। মহিলা দলের সভানেত্রীসহ ১৫ জনকে আটকের খবর পেয়েছেন তারা।