সংঘর্ষের পর চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি গ্রেপ্তার

চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর দলটির মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এস এম মেহেদী হাসান তিনি বলেন, বিকেলে সংঘর্ষের পর শাহাদাত হোসেনকে তার মালিকানাধীন ট্রিটমেন্ট হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে চকবাজার থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়।

সিএমপির সহকারী কমিশনার (কোতোয়ালি) নোবেল চাকমা বলেন, আজ সংঘর্ষের পর শাহাদাত হোসেনসহ ১৭ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি ও ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুরের ঘটনায় ট্রাফিক পুলিশ বাদি হয়ে অপর একটি মামলা প্রক্রিয়াধীন। মামলা হলেই তাদের গ্রেপ্তার দেখানো হবে।

গ্রেপ্তার হওয়ার আগে ডা. শাহাদাত সংবাদমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন করতে বিকেলে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় পুলিশ বিনা উস্কানিতে বিএনপি নেতাকর্মীদের ওপর রাবার বুলেট নিক্ষেপ করেছে।

বিএনপি জানায়, বিকেলে নগরীর কাজীর দেউড়ি এলাকায় সংঘর্ষে বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।