এক দিনের ব্যবধানে করোনা পরীক্ষার দুই রকম ফল পেলেন মোহাম্মদ আশরাফুল। প্রথমে পজিটিভ এসেছিল। নিশ্চিত হতে ফের পরীক্ষা করালে নেগেটিভ আসে। কিন্তু ততক্ষণে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরু হয়ে যায়।
করোনা রিপোর্ট বিভ্রান্তিতে পড়ে আশরাফুলের তাই রবিশাল বিভাগের হয়ে মাঠে নামা হয়নি।
সোমবার দ্বিতীয় রাউন্ডের খেলা মাঠে গড়ানোর আগে শনিবার সবার রুটিন করোনা পরীক্ষা করানো হয়। বরিশালের খেলোয়াড়দের মধ্যে শুধু আশরাফুলেরই পজিটিভ আসে।
তবে আশরাফুলের কোনো উপসর্গ ছিল। তাই তার বিশ্বাস ছিল রিপোর্টটা ভুল। নিশ্চিত হতে ফের পরীক্ষা করান রবিবার। ভেবেছিলেন সময় মতো রিপোর্ট হাতে পেলে বিকেএসপিতে রাজশাহী বিভাগের বিপক্ষে মাঠে নামবেন। কিন্তু সেটি হয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় আশরাফুল বলেন, ‘২৭ তারিখ (শনিবার) পরীক্ষা করানো হয়েছিল, সেখানে পজিটিভ এসেছিল। ২৮ তারিখ (রবিবার) করেছিলাম, ভেবেছিলাম কালকে রাতেই তারা রেজাল্টটা দেবে। সেই রেজাল্ট সাড়ে ১২টার (সোমবার) দিকে দেওয়া হয়েছে। যেখানে নেগেটিভ এসেছে।’
প্রথম রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে খেলেছিলেন আশরাফুল। দুই ইনিংসে ওপেন করেন তিনি। প্রথম ইনিংসে ৪৮ রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রান করে আউট হন।
এ ছাড়া দুই ইনিংসে মিলে ৭ ওভার বল করলেও উইকেটের দেখা পাননি। ম্যাচটা ঢাকা মেট্রো জিতে ৮ উইকেটে।
আশরাফুল বলছেন, ‘খুব অপেক্ষা করছিলাম এই জাতীয় লিগটার জন্য। পুরো সিরিজ ভালো মতো খেলার জন্য। প্রথম ম্যাচের আগে কোভিড ২০ তারিখ ভ্যাকসিন দেওয়া হয়েছিল। দেওয়ার পর সবার শরীর দুর্বল ছিল। ২২ তারিখ থেকে খেলা হয়, শতভাগ দিতে পারেনি। আজকের খেলাটাও আমার খেলা হলো না। কারণ রেজাল্টটা তারা অন টাইমে দিতে পারেনি। তারপরও আলহামদুলিল্লাহ, আমার নেগেটিভ এসেছে।’
যোগ করেন, ‘এখন নেগেটিভ এসেছে, ভালো লাগছে। দোয়া করবেন। এই ম্যাচটা তো মিস হয়ে গেল, সামনের ম্যাচটাতে যেন ভালো কিছু করতে পারি বরিশালের হয়ে।’