বরিশালে বিএনপির বিক্ষোভে বাধা দিয়েছে পুলিশ। পুলিশী বাধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি।
সোমবার বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বেল করলে তাতে বাধা দেয় পুলিশ।
২৬ মার্চ স্বাধীনতা দিবসে ‘হত্যাকাণ্ডের’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে বরিশাল মহানগর বিএনপি। কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে ওই সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করতে গেলে তাতে বাধা দেয় পুলিশ।
বরিশাল মহানগরের সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে এ সমাবেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, মহিলা দল, সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দর উপস্থিতিতে মহানগর বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে অশ্বিনী কুমার হলের গেটে তাদের আটকে দেয় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাগবিতান্ডা হয়। তবে পুলিশী ব্যারিকেড অতিক্রম করে মিছিল নিয়ে সড়কে যেতে না পারায় নেতাকর্মীরা পুনরায় দলীয় কার্যালয়ের সামনে ফিরে যায়।
এর আগে সকালে সরকারি বরিশাল কলেজ সংলগ্ন এলাকা থেকে ঝটিকা বিক্ষোভ মিছিল করে বরিশাল মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির নেতৃত্বে সোমবার সকালে ১০টায় বের হওয়া মিছিল অমৃত লাল দে কলেজ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।