মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কলেজছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে টুঙ্গিপাড়া উপজেলার পাচকাহনিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের বাঁশবাড়িয়া ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র।
জানা যায়, উপজেলার পাচকাহনিয়া মধ্যপাড়া গ্রামের সাবেক পৌর কাউনন্সিলর মো. গাউচ শেখের ছেলে মো. ওবায়দুল শেখ লাদেন (১৮) বেশ কয়েকদিন ধরে বাবা-মায়ের কাছে মোবাইলফোন কিনে দেওয়ার বায়না করে। রোববার বাবা তাকে ১০ হাজার টাকা দেন। তবে তার দাবি নতুন ফোন কিনতে ২৭ হাজার টাকা দিতে হবে। কিছুদিন পর ২৭ হাজার টাকার মোবাইল ফোন কিনে দেবেন, এমন প্রতিশ্রুতিতে আশ্বস্ত না হয়ে মঙ্গলবার ভোর ৪টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।
পরিবার সূত্র জানায়, ফজরের নামাজ পড়তে ঘুম থেকে উঠে তার বাবা ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। প্রতিবেশীদের সহযোগিতায় তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আত্মহননকারী কলেজছাত্রের বাবা মো. গাউস শেখ বলেন, লাদেন আমার মেজো ছেলে, ছোটবেলা থেকে একটু বেশি অভিমান ছিল তার। আমি মোবাইল ফোন কিনে দিতে চেয়েছিলাম। ১০ হাজার টাকা দিলাম, আর বাকি টাকা পরে দিতে চেয়েছিলাম।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম বলেন, আমরা প্রাথমিক অনুসন্ধানে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।