শেফস টেবিলের ২ কোটি ৬১ লাখ টাকা ভ্যাট ফাঁকি

২ কোটি ৬১ লাখ টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে ফুডকোর্ট ‘শেফস টেবিলের’ ৩৬টি খাবারের দোকানের বিরুদ্ধে মামলা করেছে ভ্যাট  গোয়েন্দা অধিদপ্তর।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ২২ মার্চ সংস্থার সহকারী পরিচালক মুনাওয়ার মুরসালীনের নেতৃত্বে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের ইউনাইটেড সিটির ‘শেফস টেবিল’ ফুডকোর্টে অভিযান চালিয়ে এই ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করা হয়। এরপর গত সোমবার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করা হয়।

শেফস টেবিল ইউনাইটেড গ্রুপের একটি ফুডকোর্ট। ২০১৯ সালে চালু এই ফুডকোর্টের বিভিন্ন ব্র্যান্ডের ৩৬টি খাবারের দোকান রয়েছে।

জানা গেছে, অভিযান চালিয়ে ইউনাইটেড গ্রুপের শেফস টেবিলের কম্পিউটারের তথ্য ও অন্যান্য বাণিজ্যিক দলিল জব্দ করা হয়। ওইসব দলিলপত্র বিশ্লেষণে দেখা গেছে খাবারের দোকানগুলো সম্মিলিতভাবে ২ কোটি ৬১ লাখ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। মামলাটি ন্যায় নির্ণয়ের জন্য শিগগির ঢাকা উত্তর কমিশনারেটের কাছে পাঠানো হবে। ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, খাবারের  দোকানগুলো গত ফেব্রুয়ারি পর্যন্ত ১১ মাসে মোট ১৭ কোটি ৫৯ লাখ টাকা বিক্রির তথ্য গোপন করেছে। এ সময় ৩৬টি দোকানের প্রকৃত বিক্রি ছিল ২৩ কোটি ৪৯ লাখ টাকা এবং ভ্যাটযোগ্য বিক্রি ছিল ২০ কোটি ৪২ লাখ টাকা। কিন্তু তারা ভ্যাট রিটার্নে বিক্রি  দেখিয়েছে ২ কোটি ৮৩ লাখ টাকা। সে হিসাবে তারা ১৭ কোটি ৫৯ লাখ টাকার বিক্রয় তথ্য প্রদর্শন করেনি। এই গোপন বিক্রি করা খাবারে ভ্যাট ফাঁকি হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা।