সেটা ২০১৮ সালের ঘটনা। দক্ষিণ আফ্রিকা সফরে তখন অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে ছিলেন স্টিভেন স্মিথ। সেই সফরেই বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। দুই বছরের জন্য তার কাছ থেকে অধিনায়কত্বও কেড়ে নেওয়া হয়। গত বছরের মার্চে সেই মেয়াদ শেষ হয়েছে। অবশ্য মেয়াদ শেষ হওয়ার আগে থেকেই অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথকে ফেরানোর আলোচনা চলছিল। এবার স্মিথ নিজেই অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার আগ্রহ প্রকাশ করায় সেই আলোচনা নতুন মাত্রা পেল।
স্মিথ নিষিদ্ধ হওয়ার পর থেকেই অস্ট্রেলিয়া টেস্ট দলের নেতৃত্বে উইকেটকিপার-ব্যাটসম্যান টিম পেইন। ভারতের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের পর পেইনের নেতৃত্ব নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এখনো সেই ঝড় থামেনি। এমন প্রেক্ষাপটে সংবাদমাধ্যমকে স্মিথ জানিয়েছেন, ‘অধিনায়কত্ব নিয়ে চিন্তা করার অনেক সময় পেয়েছি। আমার মনে হয়, এখন আমি যে অবস্থায় আছি তাতে প্রস্তাব পেলে গ্রহণ করব।’ স্মিথ আরও বলেন, ‘এটা যদি ক্রিকেট অস্ট্রেলিয়ার চাওয়া হয় এবং দলের জন্য ভালো হয়, আমি অবশ্যই অধিনায়কত্ব করতে এখন আগ্রহী। এটা নিশ্চিত করেই বলছি।’ ৩৬ বছর বয়সী পেইন অধিনায়ক হিসেবে খুব সফল নন।