করোনা নিয়ন্ত্রণে সরকারের দেওয়া ১৮ দফা নির্দেশনা কঠোরভাবে পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
রেজাউল করিম চৌধুরী বলেন, কভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের নতুন ধরনের সংক্রমণের প্রভাব সারাবিশ্বের মতো আমাদের দেশে ও চট্টগ্রামে ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে যেসব নির্দেশনা জারি হয়েছে তা বাস্তবায়নে চসিক সর্বোচ্চ সামর্থ্য ও সক্ষমতা অনুযায়ী সংক্রমণ প্রতিরোধে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। তিনি এ পদক্ষেপসমূহ যথাযথভাবে পালন ও প্রয়োগ নিশ্চিত করার জন্য চসিক নির্বাচিত পরিষদের কাউন্সিলর ও কর্মকর্তাদের নির্দেশ দেন। সেই সঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের জারি করা ১৮ দফার নির্দেশনাগুলো নগরবাসীকে যথাযথভাবে পালনে গুরুত্বারোপ করেন।