সাভারে ঝুট ও রাজশাহীতে পুড়ল তুলার গুদাম

রাজশাহীতে ছয় দিনের ব্যবধানে আবারও আগুনে একটি তুলার গুদাম পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর গণকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে গত ২৪ মার্চ একই এলাকায় আরেকটি তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

গতকাল ‘মনু এন্টারপ্রাইজ’ নামে একটি দোকানের গুদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টার দিকে বন্ধ গুদামে ধোঁয়া দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

গুদামমালিক আজিম উদ্দিন মনু বলেন, গুদামে বিদ্যুৎ নেই। তাই শর্টসার্কিটে আগুন লাগেনি। গুদামের বাইরে থেকে তালাও দেওয়া ছিল। কীভাবে আগুন লেগেছে তা তিনি বুঝতে পারছেন না। গুদামে প্রায় আড়াই লাখ টাকার তুলা, নারিকেলের ছোবড়া ও তোশক ছিল বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহীর সহকারী পরিচালক জাকির হোসেন জানান, প্রায় আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তারা কিছু তুলা রক্ষা করতে পেরেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার কাজ চলছে। কীভাবে আগুন লেগেছিল তা তদন্তের পর বলা যাবে বলে জানান এ কর্মকর্তা।

সাভারে উইন্টার ড্রেস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে ওই কারখানার পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী শ্রমিক ও দমকল কর্মীরা জানান, কারখানায় কর্মরত শ্রমিকরা হঠাৎ ঝুটের গুদামে আগুন দেখতে পান। প্রাথমিকভাবে তারা নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা কাজে লাগিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে গুদামে থাকা সব ঝুট পুড়ে গেছে।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, আগুনের উৎস সন্ধানে তদন্ত করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সময়মতো যাওয়ায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।