সন্ত্রাসী হামলায় দৌলতদিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান গুলিবিদ্ধ

রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর সশস্ত্র হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই প্যানেল চেয়ারম্যান আব্দুল গনি মণ্ডল সন্ত্রাসীদের গুলির শিকার হয়েছেন। 

গুলিবিদ্ধ হয়ে প্যানেল চেয়ারম্যান গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে একটু এগিয়ে তার নিজ বাড়ির সামনে তিনি হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল গনি ইউনিয়ন পরিষদের গেটের পাশের দোকান থেকে চা খেয়ে বাড়ির ফিরছিলেন। পথে মোটরসাইকেল করে আসা সন্ত্রাসীরা তাকে উদ্দেশ্য করে গুলি করে। গুলিটি পেটের একপাশে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিতাই কুমার ঘোষ জানান, পেটের বাম পাশে একটি ক্ষত চিহ্ন রয়েছে। আর কোথাও কোনো ক্ষত চিহ্ন নেই। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রচুর রক্তক্ষরণ হওয়ায়  উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৯ মার্চ রাতে গোয়ালন্দ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমানের  ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।