মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রামগঞ্জ উপজেলার লামচর ও কাউনিয়া গ্রামে পুনর্বাসিত হচ্ছে ৭০ ভূমিহীন পরিবার।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে কর্তৃক বরাদ্দকৃত আশ্রয়ণ প্রকল্প- ২ এর অধীনে উপজেলার লামচর ও কাউনিয়া গ্রামে বরাদ্দকৃত বসতঘর নির্মাণের কার্যক্রম শুরু করে রামগঞ্জ উপজেলা প্রশাসন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে ও সহকারী প্রকৌশলী মোহাম্মদ জুয়েল রানার সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম এগিয়ে চলছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার শতাধিক ভূমিহীন, প্রতিবন্ধী, ভিক্ষুকের আবেদন যাচাই-বাছাইয়ের পরিপ্রেক্ষিতে স্থানীয় রাজনীতিবিদ, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা প্রকৃত গৃহহীনদের তালিকা তৈরি করেন।
অবকাঠামোগত উন্নয়ন, প্রকল্পে গতিশীল ও কাজের গুণগত মান সার্বক্ষণিক তদারকি করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে জানান, প্রতিটি পরিবার বসতঘর নির্মাণে বরাদ্দ পেয়েছেন এক লাখ একাত্তর হাজার টাকা। সরকারি নির্দেশনায় দুইটি বেড রুম, একটি বারান্দা, একটি টয়লেট, রান্নাঘর, যাতায়াতের জন্য একটি গলি রয়েছে। এ ছাড়াও আশ্রয়ণ প্রকল্পে থাকছে বিশুদ্ধ পানি, রান্না ও পুকুরের ব্যবস্থা।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা জানান, গৃহহীনদের জন্য পুনর্বাসন চাহিদার চেয়েও কম রয়েছে বরাদ্দ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে অত্র উপজেলার সকল গৃহহীনদের পুনর্বাসন করবেন। প্রধানমন্ত্রীর এ উপহার ভূমিহীনদের জন্য, যার কারণে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ শতভাগ সঠিকভাবে হতে হবে। এ কাজে কোনো অনিয়ম করার সুযোগ নেই।