চটকদার বিজ্ঞাপনে প্লট বিক্রির অভিযোগ

চটকদার বিজ্ঞাপনে রাজধানীর বারিধারা থেকে চার কিলোমিটারের মধ্যে কাঠাপ্রতি মাত্র ৪ থেকে ৫ লাখ টাকার মধ্যে আবাসিক এলাকায় প্লট বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছে ওয়েলকেয়ার গ্রিন সিটি নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা গেছে, ম্যাপ দেখিয়ে জমি বিক্রি শুরু করলেও এখন পর্যন্ত প্রকল্পটির নেই রাজউকের অনুমোদন বা পরিবেশ ছাড়পত্র।

এরপরও ছাপানো হয়েছে আকর্ষণীয় একাধিক প্রচারপত্র। তাতে বড় করে লেখা হয়েছে রাজউক ও গৃহায়ণ কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধনকৃত প্রকল্প।

এদিকে বছরজুড়ে সোশ্যাল মিডিয়ায় প্লটের থ্রিডি ছবি ও ম্যাপ দিয়ে নামমাত্র মূল্যে প্লট বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। মাঝে মধ্যে সংবাদমাধ্যমেও বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। গ্রাহক টানতে আজ থেকে উত্তরায় চার দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করা হয়েছে।

বালু নদীর ওপারে পূর্বাচল নিউ টাউনের কাছে ও জলসিঁড়ি আর্মি হাউজিংয়ের ঠিক পাশেই লোকেশন দেখিয়ে বাজারমূল্যের ১০ ভাগেরও কম মূল্যে জমি বিক্রির লোভনীয় প্রস্তাব দিয়েছে ওয়েলকেয়ার গ্রিন সিটি।

ক্রেতা সেজে তাদের প্রকল্পে গেলে রাজউক অনুমোদন বা পরিবেশ ছাড়পত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা। তবে এ ব্যাপারে প্রকল্পের ডেপুটি ম্যানেজার মাহবুব হোসেন দাবি করেন, তাদের সব অনুমোদন আছে।

বেসরকারি ভূমি উন্নয়ন বিধিমালা-২০০৪ অনুযায়ী, কর্তৃপক্ষ কর্তৃক সংশ্লিষ্ট বেসরকারি প্রকল্প অনুমোদনের পূর্বে প্রস্তাবিত প্রকল্প এলাকার কোনো প্লট বা ভূমি বা ইমারত বিক্রয় বা বরাদ্দ প্রদানের জন্য কোনো বিজ্ঞাপন প্রকাশ বা প্রচারকার্য করা যাবে না।

অন্যদিকে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন-২০১০ এ বলা হয়েছে, কোনো ডেভেলপার কর্তৃপক্ষ কর্তৃক রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প অনুমোদন এবং ডেভেলপার কর্তৃক হস্তান্তর দলিল সম্পাদনের ক্ষমতা বা অধিকার প্রাপ্তির আগে রিয়েল এস্টেট ক্রয়-বিক্রয়ের জন্য প্রকল্পের বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রচার করতে পারবে না।

ওয়েলকেয়ার গ্রিন সিটি আইন ভঙ্গ করে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে প্রচারণা, আবাসন মেলা ও জমি বিক্রি করছে। গতকালও বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে প্রতিষ্ঠানটি।

এছাড়া ওয়েলকেয়ার গ্রিনসিটি যে জমি আবাসিক প্লট হিসেবে বিক্রি করছে তার অধিকাংশ জলাধার ও কৃষিজমি যা পরিবেশ সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ।