ব্যাংক কর্মীদের পালাক্রমে অফিসে যাওয়ার নির্দেশনা

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোকে অফিসসূচি পরিবর্তন করতে বলা হয়েছে। ব্যাংকের কর্মীদের পালাক্রমে অফিসে গিয়ে কাজ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজন অনুযায়ী কর্মীসংখ্যা নির্ধারণ করতে বলা হয়েছে। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বুধবার বাংলাদেশ ব্যাংক একটি নোটিশ জারি করে এ নির্দেশনা দেয়।

কেন্দ্রীয় ব্যাংকের সূত্র জানায় , যদি ৫০ শতাংশ কর্মীদের অফিসে গিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয় তবে ছোট শাখাগুলো পরিচালনা কঠিন হবে। কারণ ছোট শাখায় সাধারণত ৮-১০ জন কর্মী থাকে। অন্যদিকে বড় শাখায় কর্মচারীদের ৫০ শতাংশ দিয়ে সহজেই কাজ চালাতে পারবেন। সুতরাং ব্যাংকগুলোকেই কার্যকর পদ্ধতিতে বিকল্প ব্যবস্থায় নিজেদের ব্যাংকিং পরিষেবা পরিচালনার দায়িত্ব নিতে হবে।

নির্দেশনাটি অন্তত আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়।

গত বছরের মার্চ মাসে দেশে করোনাভাইরাসের সংক্রমণের শুরু দিকেই বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতের জন্য বিকল্প অফিস সূচি চালুর নির্দেশনা দেয়। এ বছর মার্চ থেকে সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার আবারও অর্ধেক কর্মীদের দিয়ে বিকল্প ব্যবস্থায় অফিস পরিচালনার নির্দেশনা দিয়েছে।