এই দিনে

১৮৪০ সালের এই দিনে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন বিশ্বখ্যাত ঔপন্যাসিক এমিল জোলা। বাবা ফ্রাংকোয়িজ জোলা ইতালীয় বংশোদ্ভূত হলেও মা ছিলেন ফরাসি। বাবার মৃত্যুর পর তার পরিবার ১৮৫৮ সালে ফ্রান্সে চলে আসে। খুব অল্প বয়স থেকেই তিনি লিখতে শুরু করেন এবং তার লেখালেখি শুরু রোমান্টিক ধারার কবিতা দিয়ে। তার খ্যাতি ছড়িয়ে পড়ে ১৮৭৭ সাল থেকে, যখন ফরাসি ভাষায় লেখা তার বই ‘লা’সআমোর’ প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য উপন্যাস ‘দি আর্থ’ ও ‘দ্য জার্মিনাল’। প্রকৃতিবাদী চিন্তাধারার জোরালো প্রবক্তা ছিলেন তিনি। তার ‘নানা’ বইটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে অভিজাত মহল প্রতিবাদে মুখর হয়ে ওঠে। কিন্তু বইটি অসম্ভব জনপ্রিয়তা অর্জন করে। উপন্যাস ছাড়া বেশ কিছু ছোটগল্প, প্রবন্ধ ও নাটক লিখেছেন তিনি। ফ্রান্সের উদারনৈতিক রাজনীতির জন্য সব সময় কাজ করেছেন তিনি। ১৯০১ ও ১৯০২ সালে দুইবার তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ১৯০২ সালের ২৯ সেপ্টেম্বর কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় তিনি মৃত্যুবরণ করেন।