করোনায় মারা গেলেন ফরিদপুরের জনপ্রিয় তারাপদ স্যার

ফরিদপুরের জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ (তারাপদ স্যার) করোনায় আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন । নিঃসন্তান তারাপদ স্যারের বয়স হয়েছিল ৯৫ বছর।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ডেডিকেটেট আইসিইউ ইউনিটে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আইসিইউ ইউনিটের ইনচার্জ ডা. অনন্ত বিশ্বাস জানিয়েছেন, দুই দিন যাবৎ তিনি এই ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। আমরা স্যারের সুচিকিৎসার চেষ্টা করেছি। তিনি শুক্রবার রাত নয়টার দিকে মারা যান ।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ফরিদপুর সদর আসনের এমপি খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, জেলা প্রশাসক অতুল সরকার, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবকে সভাপতি লিয়াকত সিকদার, ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ.কে আজাদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দীকি, কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সাবেক সহসভাপতি আরিফুর রহমান দোলন, বিশিষ্ট কলামিস্ট আবু সাঈদ খান, সাংবাদিক গৌতম স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজসহ বিশিষ্ট জনেরা ।