বাইডেনের আমন্ত্রণ না পাওয়ায় ইমরানের বিস্ময় কাটছে না

জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করে পরিবেশ রক্ষার আশায় যুক্তরাষ্ট্র যে সম্মেলন করতে যাচ্ছে সেখানে আমন্ত্রণ না পাওয়ায় বিস্মিত হওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

নিজের টুইটারে ইমরান শনিবার লিখেছেন, ‘একটি জলবায়ু পরিবর্তন সম্মেলনে আমন্ত্রণ না পাওয়ার কর্কশ পরিস্থিতিতে আমি বিস্ময়ে আছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব দূর করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিষ্কার-সবুজ পাকিস্তান গড়তে আমার সরকারের নীতিমালা ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে।’

জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্ত থাকতে তার সরকারের কিছু পদক্ষেপের কথা তুলে ধরে ইমরান খান বলেন, ‘আমরা ১০ বিলিয়ন গাছ লাগাচ্ছি। গত সাত বছরে আমরা অনেক উন্নতি করেছি। কোনো দেশ চাইলে এই অভিজ্ঞতা আমরা শেয়ার করতে চাই।’

ইমরান খান এমন এক সময় এই মন্তব্য করলেন, যখন জো বাইডেনের জলবায়ু বিষয়ক দূত জন কেরি ঢাকাসহ কয়েকটি দেশে আসছেন। আগামী ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ জানাতে তার এই সফর।

এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন।

দক্ষিণ এশিয়া থেকে আমন্ত্রণ পাচ্ছেন শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

নভেম্বরে জাতিসংঘে জলবায়ু  কনফারেন্স হওয়ার কথা। তার আগে এই সম্মেলনে যুক্তরাষ্ট্র নানাবিধ পরিকল্পনার কথা জানাবে। জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করে কীভাবে বিশ্বকে আর্থিকভাবে লাভবান করা যায়, পরিবেশ ঠিক রাখা যায় সেই আলোচনায় বসবেন বিশ্বনেতারা।

দেশগুলো কীভাবে শক্তিশালী জলবায়ু প্রত্যাশায় অবদান রাখতে পারে এই সম্মেলনে সেই বিষয়গুলো ঠিক করার একটা সুযোগ রাখতে বিশ্বনেতাদের বাইডেন গুরুত্ব দিতে বলেছেন তার আমন্ত্রণপত্রে।