করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার থেকে সাত দিনের লকডাউনের ঘোষণা আসছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও এক ভিডিও বার্তায় লাকডাউন পরিকল্পনা নিয়ে কিছুটা আভাস দিয়েছেন। এ অবস্থায় সরকারি প্রজ্ঞাপণ জারি না হওয়া পর্যন্ত বাংলাদেশ গেমস চলতেই থাকবে বলে জানিয়েছে আয়োজকেরা।
গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান বশির আহমেদ মামুন বলেন, ‘প্রজ্ঞাপণ জারি হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে গেমসের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু রবিবার পর্যন্ত অনেকগুলো ইভেন্টের ফাইনাল, তাই ওই সময় পর্যন্ত গেম চলবে।’
বৃহস্পতিবার বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সাত বিভাগের বিভিন্ন ভেন্যু মোট ৩১টি ডিসিপ্লিনে সারা দেশের ৫ হাজার তিন শ অ্যাথলেট অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়। যা শেষ হওয়ার কথা আগামী ১০ এপ্রিল।
বশির আহমেদ মামুন আরো বলেন, ‘রবিবারে বিকেলের মধ্যে বডি কন্টাক্ট গেমের প্রায় অনেকগুলোই শেষ হয়ে যাবে। এরপর বাকি থাকবে কিছু ডিভিশনাল গেম। এ গেমগুলো নিয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে কাজ করব।’