পঞ্চগড়ে নেশার টাকা না পেয়ে শহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবক কুপিয়ে তার মা জয়তুন বেগমকে (৫০) হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে জেলা শহরের পশ্চিম মিঠাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ছেলে পালিয়েছে বলে জানায় এলাকাবাসী। নিহত জয়তুন বেগম ওই এলাকার আবদুল মজিদের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুুপুরে বাড়ির পাশে কাজ করছিলেন জয়তুন। মাদক সেবনের জন্য এ সময় শহিদুল মা জয়তুনের কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে শহিদুল ধারালো অস্ত্র দিয়ে মাকে আঘাত করে। তখন জয়তুনের চিৎকারে এলাকাবাসী গিয়ে দেখেন তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আর ছেলে শহিদুল দৌড়ে পালাচ্ছে। এলাকাবাসী জয়তুনকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার রাকিব হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। গলায় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে।
এলাকাবাসী জানান, শহিদুল এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। মাঝেমধ্যেই মাদক কেনার টাকার জন্য বাবা-মা ও বোনকে মারধর করত সে। তার উৎপাত বেড়ে গেলে পরিবারের লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেয়। কয়েক মাস আগে সে জেল থেকে ছাড়া পায়। তারপর আবারও নেশায় আসক্ত হয়ে পড়ে।
অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম জানান, গলায় ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আমরা শহিদুলকে ধরতে অভিযান শুরু করেছি।