পটুয়াখালীর রাঙ্গাবালীতে রোগীর ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিলে খালেক গাজী (৬৫) নামের এক কবিরাজের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে। ওই কবিরাজ ফুলখালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ধাওয়াকারী লাল মিয়া হাওলাদারকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোগ ভালো না হওয়ায় টাকা ফেরত চেয়ে কবিরাজের বাড়ি গিয়ে ধাওয়া দেয় লাল মিয়া। এ সময় আত্মরক্ষার জন্য বাড়ির পেছনের গহীনখালী নদীতে ঝাঁপ দিলে পানিতে ডুবে মৃত্যু হয় কবিরাজ খালেকের।
রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, স্থানীয়রা খালেককে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের জন্য লাল মিয়া নামের একজনকে আটক করা হয়েছে।