মুন্সীগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন।

এ সময় গুরুতর আহত হয়েছেন দুর্ঘটনাকবলিত সিএনজির আরও ৪ যাত্রী।

রবিবার সকালে ৮টার দিকে ঢাকা-নবাবগঞ্জ সড়কে জেলার সিরাজদীখান উপজেলার তুলশীখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সিএনজি চালক উজ্জ্বলের পরিচয় জানা গেছে। তিনি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মোঘারচর গ্রামের ফকির চানের ছেলে। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

সিরাজদীখানের শেখরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান জানান, ঢাকাগামী একটি সিএনজির সঙ্গে বিপরীত মুখো ট্রাকের ওই সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক উজ্জ্বল মারা যান। আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথিমধ্যে সিএনজির এক যাত্রী মারা গেছেন। তার পরিচয় জানা যায়নি।

তা ছাড়া অপর আহত আরও ৪ জনকে ঢাকায় নেওয়া হয়েছে। ঘাতক ট্রাক আটক করা যায়নি।