নিউজিল্যান্ডে এত বেশি ক্যাচ হাতছাড়ার কারণ হিসেবে পরিষ্কার আকাশকে দায়ী করেছেন স্পিনার নাসুম আহমেদ।
তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সফর শেষে রবিবার দেশে ফিরেছে দল। দলের প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া নাসুমকে ফিল্ডিং ব্যর্থতা নিয়ে জিজ্ঞেস করা হলে এই বাঁহাতি স্পিনার এমন যুক্তি দেন।
‘দেড়-দুই মাস থাকলে আমাদেরও ফিল্ডিংয়ে উন্নতি হতো। কারণ, এক নম্বর, ওখানের আকাশ অনেক পরিষ্কার। আর দুই নম্বর, ওখানের আবহাওয়া আমাদের আবহাওয়ার মতো নয়। পুরোপুরি আলাদা। আমাদের একটু সময় লাগত। হয়তোবা আমরা যদি ১৫ দিন বা আরেকটু ক্যাম্প করতে পারতাম, তাহলে আরেকটু ভালো হতো।’
সফরের সংক্ষিপ্ত ফরম্যাটের প্রথম ম্যাচে অভিষেক হয় নাসুমের। দেশের জার্সিতে প্রথমবারের মতো খেলতে নেমেই উইকেট তুলে নেন। ওই ম্যাচে ৩০ রান খরচ করে মোট দুটি উইকেট নেন নাসুম।
শেষ দুই টি-টোয়েন্টিতে উইকেট না পেলেও অন্যদের তুলনায় রান দিয়েছেন সীমিত। সে ক্ষেত্রে স্পিন কোচ ডেনিয়েল ভেট্টরির অবদান রয়েছে বলে জানিয়েছেন তিনি।
২৬ বছর বয়সী এই নাসুম বলেন, ‘ওটা পেসবান্ধব উইকেট ছিল। তারপরও চেষ্টা করছি স্পিনাররা ভালো কিছু করার। আমরা ভালোও করছি।’