ধর্ষণ মামলায় দুই আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক তরুণীকে দল বেঁধে ধর্ষণের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো বরগুনা জেলার সদর থানার পরীরখাল গ্রামের বাবুল মিয়া ও ভোলা জেলার বোরহান উদ্দিন থানার খয়েরহাট গ্রামের রফিক মিয়ার ছেলে আমির হোসেন। গ্রেপ্তাররা বর্তমানে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মহি শিকদারের বাড়িতে বসবাস করে আসছিল।

রূপগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ওই তরুণীর বাড়ি সুনামগঞ্জে। দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকার কুদ্দুস মাতাব্বরের বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছিলেন। গত ২৭ মার্চ রাতে বাবুল মিয়া ও আমির হোসেনসহ আরও কয়েকজন তরুণীকে জোরপূর্বক তুলে এনে পূর্বগ্রাম এলাকার নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন।

মামলা ও ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন বলেন, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত আরও আসামি গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।